# ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

- Link: https://znews.news/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/
- Published: ২০২৬-০৩-২০T১৫:৪৩:৪৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:
 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা
জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন,“
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা
ও ঈদ মোবারক।

ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও 
সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা
নিয়ে আসে।

পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের 
সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা
ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।

রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য।
ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে
আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই
এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই এটাই হোক আমাদের অঙ্গীকার।

পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও
সুদৃঢ় করুক এই প্রত্যাশা করি।

আসুন, আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ
বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।

আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি- তিনি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, 
রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন।

মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং
সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন।”
