# ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত, আহত ৮৩৭

- Link: https://znews.news/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be/
- Published: ২০২৬-০৬-০৪T১১:৫৩:৩৯+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

ঈদুল আজহার আগে ও পরে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১
জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন, যা মোট প্রাণহানির
৪৪ দশমিক ১২ শতাংশ। এ ছাড়া, দুর্ঘটনায় ৩৭ জন পথচারী ও ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী
নিহত হয়েছেন।

এ সময়ে ১৩টি নৌ-পথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ আহত হয়েছেন। এ ছাড়া, ২২টি রেলপথ দুর্ঘটনায়
১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

এদিকে, মোটরসাইকেল চালক ও আরোহী ১২৪ জন, বাসযাত্রী ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের
আরোহী ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সে ১১ জন, থ্রি-হুইলার যাত্রী ৪৮ জন এবং স্থানীয়
যানবাহনে ৮ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন আরও জানায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে।
৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত। সিলেট বিভাগে সবচেয়ে কম ৯টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।
একক জেলা হিসেবে ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি ১৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন।
