# ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

- Link: https://znews.news/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%95/
- Published: ২০২৫-০৯-২০T১৩:০৮:৫১+০৬:০০
- Author: Z News

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু
হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন।

গতকাল শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালুর মাধ্যমে
দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচিত হলো।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা
প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কমান্ডার মো. শোয়েব খান।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেষে দেশের অব্যাহত শান্তি ও 
সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার ছিলেন।
