# ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠকের আশা ট্রাম্পের

- Link: https://znews.news/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/
- Published: ২০২৬-১১-০৯T১২:১৩:৩৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার জন্য
আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের
সঙ্গে বৈঠক হতে পারে। ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক
সহযোগিতা (এপিইসি) সম্মেলনের ফাঁকে এ বৈঠকের সম্ভাবনা রয়েছে।

রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন সফরে শি জিনপিং ও পুতিনের সঙ্গে আমার সাক্ষাতের
সম্ভাবনা রয়েছে। সেখানে পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তবে আলোচনার
মূল লক্ষ্য ইরান যুদ্ধের অবসান ঘটানো।

এর আগে গত ২১ অক্টোবর ক্রেমলিন জানিয়েছিল, তিন নেতার মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয়
বৈঠকের প্রস্তুতি চলছে।

এদিকে ইরানের স্থল সরবরাহ পথগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধ কার্যকর হয়েছে
বলে দাবি করেছেন ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে
দেওয়ার বিষয়ে আলোচনায় অগ্রগতি হলে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম বলেও জানিয়েছেন
তিনি।

তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে ইরান পাল্টা ব্যবস্থা
নেবে। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাব
মেনে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।
