# ইরান যুদ্ধে চাপে পড়ার কথা স্বীকার করলেন মার্কিন নৌমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5/
- Published: ২০২৬-১১-১৮T১৩:৩৩:৫৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওপর চাপ সৃষ্টি করছে বলে স্বীকার
করেছেন ভারপ্রাপ্ত মার্কিন নৌমন্ত্রী হাং কাও। মঙ্গলবার (১৭ নভেম্বর) ওয়াশিংটন ডিসির
ক্যাপিটল হিলে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সামনে নিজের নিয়োগ নিশ্চিতকরণ শুনানিতে
তিনি এই স্বীকারোক্তি দেন।

নবম মাসে গড়ানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ইরান যুদ্ধের ক্রমবর্ধমান মানবিক ও বস্তুগত
ক্ষয়ক্ষতি, দীর্ঘায়িত রণতরি মোতায়েন, কমে আসা অস্ত্রের মজুত এবং এশিয়া-প্যাসিফিক
অঞ্চল থেকে সম্পদ সরিয়ে নেওয়ার বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সিনেটরদের
তীব্র জেরার মুখে পড়েন কাও। এছাড়া ক্রমবর্ধমান যুদ্ধ, নেতৃত্বের অস্বচ্ছ রদবদল এবং
নাবিকদের নিম্ন মনোবল নিয়েও আইনপ্রণেতারা তাকে প্রশ্নবিদ্ধ করেন।

শুনানিতে কাও বলেন, ‘আবারও বলছি, আমি জানি এই যুদ্ধ আমাদের নৌবাহিনীর ওপর একটি চাপ 
সৃষ্টি করছে।’ তবে তিনি দাবি করেন, যৌথ সামরিক প্রচেষ্টা ‘চীনকে সত্যিই বেশ পিছিয়ে
দিয়েছে’।

মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবং ভার্জিনিয়া সিনেটের সাবেক রিপাবলিকান
প্রার্থী হাং কাও এর আগে আন্ডার-সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৬ সালের এপ্রিল
থেকে ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হিসেবে কাজ করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
সমর্থনপুষ্ট এই প্রার্থী এখন নৌবাহিনীর স্থায়ী শীর্ষ বেসামরিক পদের জন্য মার্কিন সিনেটের
অনুমোদন প্রত্যাশা করছেন।

ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী এই যুদ্ধের জেরে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এই শুনানি
অনুষ্ঠিত হলো, যার প্রেক্ষাপটে সম্প্রতি যুদ্ধ পরিচালনায় ব্যর্থতার দায়ে প্রতিরক্ষামন্ত্রী
পিট হেগসেথকে অভিশংসনের ব্যর্থ চেষ্টাও চালানো হয়েছিল মার্কিন প্রতিনিধি পরিষদে। যুদ্ধ
এবং এর অর্থনৈতিক অভিঘাত নিয়ে ভোটারদের হতাশা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে নির্ণায়ক
ভূমিকা রেখেছে, যা যুদ্ধের প্রত্যাখ্যান হিসেবে বিবেচিত হয়েছে এবং এর ফলে রিপাবলিকানরা
প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।

উল্লেখ্য, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত ১২০তম কংগ্রেস আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি শপথ
গ্রহণ করবে।
