# ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভ্যান্স

- Link: https://znews.news/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a8/
- Published: ২০২৬-১১-২১T১৩:১৯:০৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন যে ইরানে সঙ্গে যুদ্ধে
জড়িয়ে পড়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তার সায় ছিলো না; তার হাতে ক্ষমতা থাকলে মার্কিন
বাহিনীকে ইরানে অভিযান শুরুর নির্দেশ দিতেন কি-না— এ প্রশ্নের উত্তরও এড়িয়ে গিয়েছেন
ভ্যান্স।

শুক্রবার (২০ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে আয়োজিত
এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ভ্যান্স। সেখানে সাংবাদিকরা
তাকে প্রশ্ন করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে তিনি দেশটিতে হামলার
অনুমোদন দিতেন কি না।

জবাবে ভ্যান্স বলেন, ‘ফেব্রুয়ারিতে ইরানে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তটি ছিল প্রেসিডেন্ট
ট্রাম্পের, আর আমার কাজ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করা।’

ভ্যান্সের এই বক্তব্যে ইরান সংঘাতকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে রিপাবলিকান
পার্টির সামনে তৈরি হওয়া জটিল পরিস্থিতির বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। এ পরিস্থিতিতে
ভাইস প্রেসিডেন্ট ও তার দলকে সতর্ক অবস্থান নিতে হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ ট্রাম্প প্রশাসনের অন্যান্য
কর্মকর্তা যেভাবে প্রকাশ্যে ইরানে মার্কিন সামরিক অভিযানকে সমর্থন করেছেন, জে ডি ভ্যান্স
তা কখনও করেননি; বরং চলতি নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের
ভরাডুবির কারণ হিসেবে ইরান যুদ্ধকেই দলের ঐতিহাসিক বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করেন
ভ্যান্স। একইসঙ্গে সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

৪ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট
করা এক বার্তায় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট
নিজেই গত রাতে তা বলেছেন। কেউ যদি মনে করেন, যুদ্ধটি সার্থক ছিল এবং এর বিনিময়ে আগামী
ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোও মেনে নেওয়া যায়, তাহলে সেই যুক্তি তুলে ধরুন।
বোঝানোর চেষ্টা করুন, এই মূল্য দেওয়া সার্থক ছিল।’

শুক্রবার ট্রাম্প বলেন, ভ্যান্সের ওই মূল্যায়নে তিনি অসন্তুষ্ট নন। তবে তার বক্তব্যে
একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত ছিল—ইরানে হামলা প্রয়োজনীয় ছিল ও একই পরিস্থিতিতে
ভ্যান্সও একই সিদ্ধান্ত নিতেন, এমন স্বীকারোক্তি।

ট্রাম্প বলেন, ‘যারা আমার সঙ্গে কাজ করেন, তাদের নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। তবে
আমি ইরানিদের চিনি। সত্যি বলতে, তারা পাগল।’

সংবাদ সম্মেলনের একপর্যায়ে জানতে চাওয়া হয়, যুদ্ধের কারণে কংগ্রেসের নির্বাচনে রিপাবলিকানদের
বড় ধরনের আসন হারানো সত্ত্বেও অভিযানটি সার্থক ছিল কি না। জবাবে ভ্যান্স সরাসরি ওই 
সামরিক অভিযানকে সমর্থন করেননি।

তিনি বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্যটি অবশ্যই আমাদের
বাস্তবায়ন করতে হবে। দেশটি সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া সবচেয়ে বড় দেশ।
তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার
করত। অথবা, সৃষ্টিকর্তা না করুন, তারা হামলা চালিয়ে হাজার হাজার, এমনকি কয়েক লাখ নিরীহ
মানুষকে হত্যা করতে পারত।’

ভ্যান্স আরও বলেন, ‘আমার বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট
বলেছেন, তিনি আবারও একই সিদ্ধান্ত নিতেন। আর আমার লক্ষ্য ও দায়িত্ব হলো যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্টকে সমর্থন করা।’ভ্যান্স দীর্ঘদিন ধরেই ইরান যুদ্ধের বিরোধিতা করে আসছেন।
ওয়াশিংটনের পক্ষ থেকে শান্তি আলোচনায় প্রধান দূত হিসেবেও কাজ করেছেন তিনি। গত গ্রীষ্মে
তার মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল, তবে তা বেশিদিন স্থায়ী হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনায় ফিরতে তেহরানের কট্টরপন্থী নেতাদের কাছে ব্যক্তিগত
চিঠিও পাঠিয়েছিলেন ভ্যান্স। তবে নির্বাচনের পর পরিস্থিতি নিয়ে তার মূল্যায়ন প্রকাশের
কিছুদিন পরই ট্রাম্প ওই উদ্যোগ বাতিল করেন। ভাইস প্রেসিডেন্টকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ
দিতে বলেন তিনি।

ভ্যান্সের উদ্দেশে নির্দেশনার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন,‘
ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে।’
