# ‘ইত্যাদি’ এবার জয়পুরহাটে

- Link: https://znews.news/%e0%a6%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f/
- Published: ২০২৬-১১-২২T১৪:২০:৪৭+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

নব্বইয়ের দশকের শুরুতে স্টুডিও’র চার দেয়াল থেকে বের হয়ে দেশের প্রান্তে প্রান্তে ছুটে
চলার ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রকৃতির সবুজ
ক্যানভাসে আঁকা সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। জয়পুরহাটের কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে
খনন করা ইতিহাসের নীরব সাক্ষী ঐতিহাসিক ‘নান্দাইল দীঘি’র কোল ঘেঁষে অবস্থিত নান্দাইল
দীঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত হয়েছে ইত্যাদি’র মূল মঞ্চ। এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন
আঙ্গিকের বৈচিত্র্যময় গান। যার মধ্যে একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটেরই কৃতী সন্তান,
দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খুরশিদ আলম।

তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্য থেকে শ্রোতাপ্রিয় তিনটি বাছাই করা গানের সমন্বয়ে
তৈরি করা হয়েছে এই সংকলিত গানটি। চলমান ‘নজরুল বর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে এবারের ইত্যাদি’তে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় একটি গান নতুন ও আধুনিক সংগীতায়োজনে 
পরিবেশন করেছেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী, জয়পুরহাটের কৃতী সন্তান ফাতেমা তুজ জোহরা
ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। দু’টি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। বরাবরের 
মতো এবারো জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে ফুটিয়ে তুলতে পরিবেশন করা হয়েছে
একটি মনোমুগ্ধকর জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় দ্বৈতকণ্ঠে গানটি
গেয়েছেন শিল্পী রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজনে উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের 
পরিচালনায় নাচটিতে অংশগ্রহণ করেছে স্থানীয় নৃত্যশিল্পীরা।

দর্শক পর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান জয়পুরহাটকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত
দর্শকের মাঝখান থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা
জয়পুরহাটের অন্যতম প্রধান ব্র্যান্ডিং পণ্য সুস্বাদু ‘লতিরাজ কচু’ এবং ‘সোনালি মুরগি’
নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন। যা ছিল বেশ উপভোগ্য। বরাবরের মতো
ইত্যাদি’র এই পর্বেও দর্শকদের জন্য থাকছে সমাজ সচেতনতামূলক, তথ্যবহুল ও হৃদয়স্পর্শী
কিছু প্রতিবেদন। জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি ও দেশের পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রার পাশাপাশি
এই জেলার বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোর উপর তৈরি করা হয়েছে একটি 
তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন। রয়েছে জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে অনুপ্রেরণামূলক
প্রতিবেদন।

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজেদের নীরবতাকেই যারা শক্তিতে পরিণত করেছেন। থাকছে
জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বিস্ময়কর শিল্পী প্রসেনজিৎ বর্মণের ওপর বিশেষ
প্রতিবেদন। যিনি মাটির ক্যানভাসে ছাই দিয়ে অবিশ্বাস্য সব প্রতিকৃতি ফুটিয়ে তোলেন। অনুষ্ঠানের
শেষে রয়েছে যশোরের কেশবপুর উপজেলার মানবসেবায় নিবেদিতপ্রাণ এক নীরব কর্মী লেয়াকত আলীর
ওপর মানবিক প্রতিবেদন। পেশায় একজন সাধারণ ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হওয়া সত্ত্বেও
যিনি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে
যাচ্ছেন। থাকছে কাশেম টিভি’র রিপোর্টার এবং নাতির প্রাণবন্ত আলাপ। এ ছাড়াও ইত্যাদি’র
নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে বেশ কিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর
তীক্ষè ও তীর্যক নাট্যাংশ।

দেয়ালবন্দি নাগরিক জীবন, চর্চা চাতুর্য, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট 
ক্রিয়েটরদের ক্রিয়েটিভিটি, তোষামোদে খোশ আমোদে, ইয়েস স্যার কালচার, চটকদার শিরোনামে
চটকহীন খবর, ডিজিটাল ট্রলের ট্রমা, পর্দা সমাচারসহ বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো
এবারো ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদি’র নিয়মিত শিল্প নির্দেশক
মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।
গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি’র এই পর্বটি আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের
পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ
সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস্
লিমিটেড।
