# ইতিহাসে কখনো যা দেখেনি বাংলাদেশ, অভিষেকে সে রেকর্ড গড়লেন রবিন

- Link: https://znews.news/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be/
- Published: ২০২৬-১১-১৫T১৫:২১:২৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে জাতীয় দলে ডাক পেয়েছিলেন মাহফিজুল ইসলাম রবিন।
তবে অভিষেকেই তিনি আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। তাতে বিব্রতকর এক রেকর্ডে নাম 
লিখিয়েছেন তিনি।

ইনিংসের শুরুতেই স্ট্রাইকে গিয়েছিলেন রবিন। অনভিজ্ঞতা থেকেই হয়তো, কাগিসো রাবাদার অফ
স্টাম্পের বাইরের বল ব্যাট এগিয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন। সেটাই কাল হলো তার। ব্যাটের
কানায় লেগে বলটা চলে গেল স্লিপে। সেখানে ক্যাচ নিতে ভোলেননি মার্কো ইয়ানসেন। প্রথম 
বলেই বিদায় নেন তিনি।

তাতেই বিরল এক রেকর্ড গড়ে ফেলেন তিনি। টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলে আউট হওয়া মাত্র
চতুর্থ ওপেনার বনে যান তিনি। তবে বাংলাদেশের কোনো ওপেনার এই তালিকায় কখনো নাম লেখাননি।
এই তালিকায় রবিনই প্রথম বাংলাদেশি।

এই তালিকার আবিষ্কারও হয় অবশ্য এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে
ম্যাচে অভিষিক্ত প্রোটিয়া ওপেনার জিমি কুক বিদায় নেন ম্যাচের প্রথম বলে। দ্বিতীয় নজিরেও
আছে দক্ষিণ আফ্রিকার নাম, তবে ২০০১ সালের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের
অভিষিক্ত ওপেনার লিওন গ্যারিক বিদায় নেন ম্যাচের শুরুর বলে। তৃতীয় নজিরটা আফগানিস্তানের,
২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আব্দুল মালিক একইভাবে আউট হয়ে ইতিহাস গড়েন। এবার এই 
তালিকায় উঠে গেল রবিনের নাম।
