# ইউক্রেনে রুশ হামলায় নিহত ১০

- Link: https://znews.news/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9/
- Published: ২০২৬-১১-২৯T১০:৫৩:৪৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পালটাপালটি হামলা অব্যাহত রয়েছে।
রুশ ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, 
এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি,
যুদ্ধ শুরুর পর এক রাতে এত বিপুলসংখ্যক ড্রোন ভূপাতিতের ঘটনা বিরল।

শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রোস্তভ অঞ্চলের
একটি তেল শোধনাগার এবং সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায়
হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা।

রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা
চালানো হয়েছে। এ ছাড়া সামারা অঞ্চলের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল পরিবহন, সংরক্ষণ ও
মিশ্রণকেন্দ্র এলপিডিএস সামারা এবং বাশকোর্তোস্তানের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন পাম্পিং
স্টেশন এলপিডিএস নুরলিনোতে হামলা চালানো হয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।

অন্যদিকে, শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলা
চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

ক্লিৎসকো বলেন, হামলার কারণে রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত
হতে পারে। শনিবার সকালে বিমান হামলার সতর্কতা জারির সময় কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা
যায় এবং ড্রোন হামলার ঘটনা ঘটে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং কিয়েভ অঞ্চলের 
একটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জাম
বহনকারী একটি জাহাজেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মস্কো।

ইউক্রেনে নিহত ১০

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায়
সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া রাজধানী কিয়েভে রুশ হামলায় এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার দখল করা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি হাসপাতালের
গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক নার্স ও একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন
আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ-সমর্থিত স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে ওই হাসপাতালের
প্রধান চিকিৎসকও রয়েছেন।

জাপোরিঝঝিয়া ইউক্রেনের এমন চারটি অঞ্চলের একটি, যেগুলোকে রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে
ঘোষণা করেছে এবং পুরোপুরি দখলে নেওয়ার চেষ্টা করছে।

অঞ্চলটির ইউক্রেনীয় সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জাপোরিঝঝিয়ায়
৭০০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। এসব হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিক সংশ্লিষ্ট
স্থাপনাগুলো।

মস্কোর আকাশে শত শত ড্রোন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত
করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। যুদ্ধ শুরুর পর এক রাতে এত বিপুলসংখ্যক ইউক্রেনীয়
ড্রোন ভূপাতিতের ঘটনা অন্যতম বলে দাবি মস্কোর।

তবে ইউক্রেন মোট কতটি ড্রোন ছুড়েছিল কিংবা কতটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম
হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রাশিয়া।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আট ঘণ্টায় রাজধানী মস্কোর দিকে আসা ১২৩টি
ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো ও আশপাশের বিস্তৃত
অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন আসার খবর পাওয়া গেছে। এর বেশির ভাগই ধ্বংস করা হয়েছে 
বলে দাবি তার।
