# আ’লীগের নাশকতা সত্ত্বেও সরকারের ওপর বিশ্ববাসীর আস্থা দেখতে পাচ্ছি: মাহদী আমিন

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b6%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%93/
- Published: ২০২৬-১১-১৭T১৩:৩৮:৩৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

আওয়ামী লীগের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সত্ত্বেও বাংলাদেশের প্রতি বিশ্ববাসী
ও বিনিয়োগকারীদের আস্থা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের
মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট
অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব বিনিয়োগের ক্ষেত্রে পড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের
জবাবে তিনি এ মন্তব্য করেন।

মাহদী আমিন বলেন, ‘দেখুন ফ্যাসিবাদী অপশক্তির নাশকতায় এবং সহিংসতা পেরিয়ে গণতান্ত্রিক
সরকারের ওপরে আমরা বিশ্ববাসীর এবং বিনিয়োগকারীদের আস্থা দেখতে পাচ্ছি, এটি তারই বহিঃপ্রকাশ।
যে পলাতক রাজনৈতিক অপশক্তি তারা দেশ ছেড়ে কেন পালিয়ে গিয়েছিল? আমরা গত কয়দিনে তাদের
যে সহিংসতা দেখেছি দেশে এবং বিদেশে, তাদের যে নাশকতা দেখেছি এবং এটাই প্রমাণ করে কেন
ঘৃণিত এবং ধিকৃত অবস্থায় তাদের ফ্যাসিস্ট নেত্রী তার পুরো পরিবার-পরিজন, তাদের মন্ত্রিসভা,
সংসদ সদস্য এমনকি বাইতুল মোকাররমের খতিব সাহেবসহ যাদের ওনারা নিয়োগ দিয়েছিলেন, সবাইকে
কেন চলে যেতে হয়েছিল?’

তিনি বলেন, ‘সে অবস্থার আজও কোনো পরিবর্তন হয় নাই। আজও বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী
ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মানবাধিকার আইনের অনুশাসন
এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিবাদীর প্রশ্নে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের
এই ঐক্যই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন,‘
আমরা দেখছি যে অনেক জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, কিন্তু সরকারের 
কাছ থেকে আমরা দেখেছি সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে স্থিতিশীলতা
বজায় রাখার জন্য চেষ্টা করা হচ্ছে।’
