# আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে গঠিত হবে আলাদা সেল: বাংলাদেশ ব্যাংক

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%af%e0%a6%be/
- Published: ২০২৬-১১-২৬T১৭:৪৩:১৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ে নিজস্ব কেন্দ্রীয়
নজরদারি ইউনিট গঠন এবং আন্তর্জাতিক মানের মূল্য যাচাই প্ল্যাটফর্মের গ্রাহক হওয়ার 
নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এ নির্দেশনা কার্যকর
হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ-২ (এফইপিডি-
২) এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের 
প্রধান কার্যালয়ে এটি পাঠানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য
কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য প্রতিটি অনুমোদিত ডিলার ব্যাংককে একটি 
নির্দিষ্ট সেল বা ইউনিট গঠন করতে হবে।

পাশাপাশি অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন
নিতে বলা হয়েছে। প্ল্যাটফর্মটি হতে হবে ব্যাংকের সাধ্যের মধ্যে এবং তার কার্যক্রমের
প্রয়োজন অনুযায়ী উপযোগী।

বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তঃসীমান্ত লেনদেনে প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত
করাই এর উদ্দেশ্য। নতুন এই সার্কুলারে ২০২৬ সালের ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার
নম্বর ৩০-এর পার্ট-এ, অনুচ্ছেদ ৭(২)-এর কথা উল্লেখ করা হয়েছে।

ওই অনুচ্ছেদে ঋণপত্র (এলসি) খোলা বা আমদানি শুরুর আগে আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক
বাজারমূল্য যাচাইয়ের বিষয়ে নির্দেশনা ছিল। নির্দেশনা ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর
হবে। এর আগেই সব ব্যাংককে সেল গঠন ও উপযুক্ত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনসহ
প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।
