# আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97/
- Published: ২০২৬-০৭-২৫T১৩:০৮:৫৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা 
থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রাভনীত
সিং বিট্টু। আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার এ পদত্যাগ রাজনৈতিক
অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। গত জুনেই রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে তার মেয়াদ শেষ
হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য 
বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে বিট্টুর। আম আদমি পার্টি(
আপ) শাসিত এই সীমান্তবর্তী রাজ্যে বিজেপির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্র প্রস্তুত করার কাজেও
তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন।

পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী
মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, ভারত সরকারের
প্রতিমন্ত্রী হিসেবে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, ভারতের মানুষ, বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের জনগণের সেবা করতে পারা
আমার জন্য বড় সম্মানের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের
আদর্শে আমি অটল আছি। নতুন উদ্যমে মানুষের জন্য কাজ করে যাব।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে কংগ্রেস
ছেড়ে বিজেপিতে যোগ দেন। একই বছরের লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন। পরে কংগ্রেস নেতা
কে সি ভেনুগোপালের শূন্য হওয়া রাজ্যসভার আসনে অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে
তাকে মনোনীত করা হয়।
