# আন্তর্জাতিক মানের পরীক্ষাগার ও নিরাপদ খাদ্য নিশ্চিতের তাগিদ খাদ্যমন্ত্রীর

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/
- Published: ২০২৬-১১-২৫T১৬:৪৭:১৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

খাদ্য নিরাপদ না হলে স্বাস্থ্য নিরাপদ থাকবে না, আর মানুষ সুস্থ না থাকলে ব্যবসা, অর্থনীতি
ও রাষ্ট্র পরিচালনা টেকসই হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, এমপি।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। এ জন্য
কৃষি, বাণিজ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকেও সমন্বিতভাবে কাজ
করতে হবে।

বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে The Association
of Testing Laboratories Bangladesh (ATLB) আয়োজিত ‘Made in Bangladesh, Tested to 
Global Standards: The Role of Accredited Laboratories in Export Growth’ শীর্ষক সেমিনারে
তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি
নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে
সরকার কাজ করছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ২০১৩ সালে শুরু হলেও 
মাঝখানে নানা সীমাবদ্ধতায় প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বিকাশ হয়নি। বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে
আরও সক্ষম ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

খাদ্যমন্ত্রী বলেন, রপ্তানিমুখী পণ্যের মান নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ
বাজারেও নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ করতে হবে। রপ্তানির জন্য মানসম্মত পণ্য উৎপাদন
করে দেশের বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ গ্রহণযোগ্য নয়। বিশেষ করে শিশুদের নিরাপদ 
খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সততা, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা
পরিচালনার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি 
সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন। ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ 
সময় ব্যয় হওয়ায় ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হন। এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ধারাবাহিক আলোচনা ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাণিজ্য,
কৃষিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা
প্রণয়ন করা হবে। তাদের প্রস্তাব যাচাই করে দেশের স্বার্থে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া
হবে।

তিনি আরও বলেন, জাইকার অর্থায়নে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি পরীক্ষাগার স্থাপনের
পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকার পরীক্ষাগারটি আশুলিয়ায় এবং চট্টগ্রামেরটি হালিশহরে স্থাপনের
পরিকল্পনা রয়েছে। আগামী তিন বছরের মধ্যে পরীক্ষাগারগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে
খাদ্য পরীক্ষার ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমবে এবং দ্রুত পরীক্ষার
ফলাফল পাওয়া সম্ভব হবে।

খাদ্যমন্ত্রী বলেন, বিদ্যমান পরীক্ষাগারগুলোর সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার
পাশাপাশি রপ্তানি বাজারের চাহিদা অনুযায়ী কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী
ধাতু, মাইকোটক্সিন ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে।

সরকারি ও বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও ভোক্তা
অধিকার সংরক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি
বলেন, একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষা করার ফলে ব্যবসায়ীদের সময় ও অর্থ
ব্যয় হয়। এ ধরনের পুনরাবৃত্তি ও জটিলতা কমিয়ে সমন্বিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের
সঙ্গে আলোচনা করা হবে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সততা, জবাবদিহি ও নৈতিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন,
পরীক্ষার রিপোর্ট অর্থের বিনিময়ে প্রভাবিত করা কিংবা অনৈতিকভাবে সনদ প্রদান গ্রহণযোগ্য
নয়। খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ এবং অপরাধের জন্য কঠোর ও বাস্তবসম্মত
শাস্তির বিধান প্রয়োজন। ব্যবসায়ীদের বিবেক, নৈতিকতা ও দায়িত্ববোধ থেকেই খাদ্যের মান
নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, পরীক্ষাগার,
বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, 
সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে দেশে নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তোলা 
সম্ভব।

সেমিনারে কি-নোট উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন এফবিসিসিআই-এর প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান
মো. শফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন আহসান হাবীব। এফবিসিসিআই-এর প্রশাসক মো. ফজলুল হক বলেন, পণ্য পরীক্ষার
ব্যয় যেন পণ্যের মূল্য বৃদ্ধির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সেমিনারে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা
উপস্থিত ছিলেন। সেমিনার শেষে খাদ্যমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
