# আজ বিশ্ব পুরুষ দিবস

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/
- Published: ২০২৬-১১-১৯T১৩:৪৯:৪৩+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

বাবা, ভাই, স্বামী, বন্ধু কিংবা সহকর্মী জীবনের প্রতিটি পর্যায়ে পুরুষের অবদান গুরুত্বপূর্ণ।
পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষের ইতিবাচক ভূমিকা, অধিকার, মর্যাদা এবং শারীরিক 
ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পালিত হচ্ছে
বিশ্ব পুরুষ দিবস।
 এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’, যার বাংলা 
অর্থ ‘ভবিষ্যৎ সবার’। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ১৯ নভেম্বর দিবসটি পালিত হয়। এ
দিনটি জীবনের কাছের পুরুষদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান জানানোরও একটি উপলক্ষ।

১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিশ্ব পুরুষ
দিবস পালিত হয়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে দিবসটির
যাত্রা শুরু হয়। তবে পুরুষ দিবস পালনের ধারণা আরও পুরোনো। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে 
নিউইয়র্ক টাইমসের একটি নিবন্ধে ২৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পালনের
আগ্রহের কথা উঠে আসে। আন্তর্জাতিক নারী দিবসের আদলে পুরুষদের জন্যও একটি নির্দিষ্ট 
দিন পালনের দাবি জানানো হয়েছিল।

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, কলম্বিয়া, রাশিয়া ও চীনের মতো কয়েকটি 
দেশে বিচ্ছিন্নভাবে পুরুষ দিবস পালনের উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত
১৯৯৯ সালে জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে ১৯ নভেম্বর দিনটিকে বিশ্ব পুরুষ দিবস হিসেবে পালনের
সূচনা হয়। শুরুতেই ক্যারিবীয় অঞ্চলে দিবসটি ব্যাপক সাড়া ফেলে।

বিশ্ব পুরুষ দিবস নারী দিবসের প্রতিদ্বন্দ্বী কোনো আয়োজন নয়। বরং নারী-পুরুষের সমতা
প্রতিষ্ঠার পাশাপাশি পরিবার ও সমাজে পুরুষের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের
অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই এ দিবসের অন্যতম লক্ষ্য।

দিবসটির ছয়টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। এগুলো হলো সৎ, পরিশ্রমী ও মার্জিত স্বভাবের
সাধারণ পুরুষদের আদর্শ হিসেবে তুলে ধরা; পরিবার, স্ত্রী ও সন্তানের প্রতি পুরুষের অবদানকে
স্বীকৃতি দেওয়া; পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো; সামাজিক 
আচরণ, প্রত্যাশা ও আইনি ক্ষেত্রে পুরুষের প্রতি বৈষম্য তুলে ধরা; নারী-পুরুষের সমতা
প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং সবার জন্য নিরাপদ ও উন্নত বিশ্ব গড়ে তোলার বিষয়ে
সচেতনতা তৈরি করা।

বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ 
আফ্রিকা, হাইতি, জ্যামাইকা, হাঙ্গেরি, মাল্টা ও ঘানাসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে
বিশ্ব পুরুষ দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে পুরুষের অবদান ও অর্জনকে সম্মান জানানোর পাশাপাশি তাদের স্বাস্থ্য, 
অধিকার, মানসিক সুস্থতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।
