# আজ বিশ্ব কেক দিবস: মিষ্টিমুখে উদযাপনের দিন

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%95%e0%a7%87%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae/
- Published: ২০২৬-১১-২৬T১০:৩৯:৫৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

আজ বিশ্ব কেক দিবস। বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন কেকপ্রেমীরা।
পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে কেক ভাগাভাগি করে খাওয়ার মধ্য দিয়ে দিনটিকে আনন্দময়
করে তোলাই এ দিবসের মূল আকর্ষণ।

অনেক দেশে দিনটি ‘জাতীয় কেক দিবস’ নামেও পরিচিত। তবে দেশভেদে কেক দিবস পালনের তারিখে
ভিন্নতা রয়েছে। কিছু দেশে ২০ জুলাইও কেক দিবস পালন করা হয়।

কেকের ইতিহাস বেশ প্রাচীন। ধারণা করা হয়, প্রাচীন মিশর ও গ্রিসে কেক তৈরির প্রাথমিক
প্রচলন শুরু হয়। সে সময়ের কেক বর্তমানের মতো নরম, ফোলানো কিংবা বাহারি সাজের ছিল না;
বরং দেখতে অনেকটা সমতল ও ভারী রুটির মতো ছিল। প্রাচীন গ্রিকরা ডিম, দুধ, বাদাম ও মধু
মিশিয়ে কেক তৈরি করতেন।

‘কেক’ শব্দটির উৎপত্তি প্রাচীন নর্স শব্দ ‘কাকা’ থেকে। অন্যদিকে, রোমান শাসনামলে কেকজাতীয়
খাবার ‘প্ল্যাসেন্টা’ নামে পরিচিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে কেক তৈরির উপকরণ, স্বাদ ও
আকৃতিতে পরিবর্তন আসে। ইউরোপে ধীরে ধীরে আধুনিক গোলাকার ও আইসিংযুক্ত কেকের প্রচলন 
গড়ে ওঠে।

ঊনবিংশ শতাব্দীতে পশ্চিম ইউরোপে জন্মদিন উদযাপনে কেকের সঙ্গে মোমবাতি ব্যবহারের প্রচলন
জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ধীরে ধীরে জন্মদিনসহ বিভিন্ন আনন্দঘন আয়োজনে কেক হয়ে ওঠে অন্যতম
অনুষঙ্গ।

বিশ্ব কেক দিবসে উদযাপনের সবচেয়ে সহজ উপায় হলো প্রিয়জনদের সঙ্গে কেক ভাগাভাগি করে খাওয়া।
কেউ ঘরে তৈরি করছেন পছন্দের কেক, আবার কেউ বেছে নিচ্ছেন চকলেট, ভ্যানিলা কিংবা রেড 
ভেলভেটের মতো জনপ্রিয় স্বাদের কেক। বন্ধু, পরিবার ও সহকর্মীদের সঙ্গে ছোট্ট আয়োজনের
মধ্য দিয়েও দিনটি উদযাপন করা যায়।

কেক শুধু একটি খাবার নয়, অনেকের কাছে এটি আনন্দ, ভালোবাসা ও বিশেষ মুহূর্ত ভাগাভাগি
করার প্রতীক। তাই মিষ্টিমুখ আর হাসি-আনন্দে আজকের দিনটি উদযাপন করছেন কেকপ্রেমীরা।
