# আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc/
- Published: ২০২৬-১১-২৮T১০:০৫:০১+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে আজ শনিবার ‘অধ্যক্ষ
সম্মিলন ২০২৬’ আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সারা দেশের দুই হাজার ৩১৮টি অধিভুক্ত
কলেজের অধ্যক্ষ এতে অংশ নেবেন। এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
তারেক রহমান।

রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে
এসব তথ্য জানান ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। তিনি জানান, রাজধানীর
মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকালে এই অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা
মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গৃহীত উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন ভিসি অধ্যাপক
ড. এএসএম আমানুল্লাহ। তিনি জানান, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার
৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের
প্রায় ৭০ শতাংশই এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর
সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন,
কারিকুলাম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত
করার বিষয়ে আলোচনা হবে।

ভাইস চ্যান্সেলর ড. আমানুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং কলেজগুলোর অধ্যক্ষদের
সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন ত্বরান্বিত হবে। এর আগে ২০১৭
সালের ২৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)
যৌথ উদ্যোগে প্রথম অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হয়েছিল।
