# আজ আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস, দোহায় দিনব্যাপী নানা আয়োজন

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%bf/
- Published: ২০২৬-১১-১৮T১৩:৩৫:২০+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

আজ ১৮ নভেম্বর আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস। প্রায় দেড় হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য,
নান্দনিকতা ও বৈচিত্র্যময় শিল্পধারাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে প্রতিবছর দিবসটি 
পালিত হয়। স্থাপত্য, আরবি ক্যালিগ্রাফি, জ্যামিতিক নকশা, পাণ্ডুলিপি অলংকরণ ও কারুশিল্পে
ইসলামী সভ্যতার অসামান্য অবদান স্মরণ করার পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির মধ্যে সম্প্রীতি
ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এ দিবসের অন্যতম লক্ষ্য।

২০১৯ সালে ইউনেসকোর ৪০তম সাধারণ সম্মেলনে বাহরাইনের উদ্যোগে ১৮ নভেম্বরকে আন্তর্জাতিক
ইসলামী শিল্পকলা দিবস ঘোষণা করা হয়। ইসলামী শিল্পকলার ঐতিহাসিক গুরুত্ব, বিশ্বসংস্কৃতিতে
এর প্রভাব এবং বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর শিল্প-ঐতিহ্যের সঙ্গে এর সংযোগ তুলে ধরতেই 
এ উদ্যোগ নেওয়া হয়।

ইসলামী শিল্পকলা শুধু মসজিদ, মাদরাসা কিংবা ধর্মীয় স্থাপনার নকশায় সীমাবদ্ধ নয়। আরবি
ক্যালিগ্রাফি, জ্যামিতিক ও ফুল-লতাপাতার নকশা, স্থাপত্য, চিত্রকলা, সিরামিক, বস্ত্রশিল্প,
ধাতুশিল্প ও পাণ্ডুলিপি অলংকরণসহ শিল্পের বিভিন্ন শাখায় এর বিস্তৃতি রয়েছে। স্পেন, 
উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে স্থানীয় সংস্কৃতি
ও ঐতিহ্যের সঙ্গে মিশে ইসলামী শিল্পকলা স্বতন্ত্র বৈশিষ্ট্য অর্জন করেছে।

ইসলামী শিল্পকলার অন্যতম বৈশিষ্ট্য হলো ক্যালিগ্রাফি, পুনরাবৃত্ত জ্যামিতিক নকশা এবং
উদ্ভিদভিত্তিক অলংকরণের ব্যবহার। বিশেষ করে পবিত্র কোরআনের আয়াত ও আরবি লিপিকে নান্দনিকভাবে
উপস্থাপনের মাধ্যমে ক্যালিগ্রাফি শিল্পের একটি স্বতন্ত্র ধারা গড়ে উঠেছে। অন্যদিকে 
মসজিদ, প্রাসাদ, গম্বুজ, মিনার, মোজাইক ও কারুকার্যমণ্ডিত দেয়াল ইসলামী স্থাপত্যের 
সমৃদ্ধ পরিচয় বহন করে।

ইউনেসকোর মতে, ইসলামী শিল্পকলা সাংস্কৃতিক বৈচিত্র্য, মত প্রকাশের স্বাধীনতা, ঐতিহ্য
সংরক্ষণ এবং আন্তসাংস্কৃতিক সংলাপকে উৎসাহিত করে। বিভিন্ন সময়ের শিল্পী ও শিল্প আন্দোলনকে
অনুপ্রাণিত করার পাশাপাশি এ শিল্পধারা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা, পারস্পরিক
শ্রদ্ধা ও বোঝাপড়া প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।

এদিকে দিবসটি উপলক্ষে কাতারের রাজধানী দোহায় অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক আর্ট (এমআইএ)
দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাদুঘরটির
বিভিন্ন স্থানে এসব আয়োজন চলছে। এতে শিশু, তরুণ ও প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে শিল্পকর্ম
প্রদর্শন, কর্মশালা, গল্পপাঠ, নির্দেশিত পরিদর্শন ও সাংস্কৃতিক পরিবেশনা।

আয়োজনের অন্যতম আকর্ষণ ইসলামী পাণ্ডুলিপির অলংকরণশৈলী ‘তাজহিব’ বা ইলুমিনেশনবিষয়ক কর্মশালা।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় ঐতিহ্যবাহী পাণ্ডুলিপিতে সোনালি
রং, সূক্ষ্ম নকশা ও অলংকরণ কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারীরা এসব কৌশল
অনুসরণ করে নিজেদের শিল্পকর্ম তৈরির সুযোগ পাচ্ছেন।

দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত আরবি ও ইংরেজি ভাষায় জাদুঘরের গুরুত্বপূর্ণ শিল্পকর্ম নিয়ে
নির্দেশিত পরিদর্শনের আয়োজন রয়েছে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত থাকছে বিশেষজ্ঞের দৃষ্টিতে
ইসলামী শিল্পকলা ও সংগ্রহশালা ঘুরে দেখার সুযোগ। শিশুদের জন্য বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত
গল্পপাঠ ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম রাখা হয়েছে।

এ ছাড়া বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ সংস্কৃতি 
ও ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছে। একই সময়ে শিশুদের জন্য রয়েছে প্ল্যানেট
কিডস ক্লাবের বিশেষ আয়োজন। সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ‘মজলিস বুক
ক্লাব’-এর পাঠচক্র, যেখানে আমিন মালুফের উপন্যাস ‘সামারকান্দ’ নিয়ে আলোচনা করা হচ্ছে।

জাদুঘরের গ্রন্থাগারেও সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত বিভিন্ন
আয়োজন রয়েছে। এর মধ্যে ইসলামী নকশা অনুসরণ করে বুকমার্ক তৈরি, ঘূর্ণায়মান শিল্পকর্ম
নির্মাণ এবং ঐতিহ্যবাহী অলংকরণশৈলী নিয়ে ধাঁধা সমাধানের ব্যবস্থা রয়েছে। আয়োজনে অংশ
নিতে নিবন্ধনের প্রয়োজন নেই।

বিশেষজ্ঞদের মতে, ইসলামী শিল্পকলা কোনো নির্দিষ্ট দেশ, জাতি কিংবা সময়ের মধ্যে সীমাবদ্ধ
নয়। বরং শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন অঞ্চলের মানুষের সৃজনশীলতা, ধর্মীয় বিশ্বাস
ও সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে এটি বিকশিত হয়েছে। আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস
সেই বহুমাত্রিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ
উপলক্ষ।
