# আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/
- Published: ২০২৬-১১-১০T১৬:০৪:৩৬+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা : **

বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের ধরিয়ে দিতে সাধারণ
জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি
নুরুল হক নুর।

ঘোষণা দিয়ে তিনি বলেন, এসব অপরাধে জড়িতদের ধরে পুলিশের হাতে তুলে দিতে পারলে দলের পক্ষ
থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত জাতীয় বিপ্লব
ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর ইতিহাসের বাঁকবদল ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব
শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

নুরুল হক নুর বলেন, যারা বাসে আগুন দিচ্ছে, ককটেল মারছে, তাদের ধরে পুলিশের হাতে তুলে
দেবেন। পাশাপাশি কারা এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছে, সে তথ্যও পুলিশকে দেবেন। কারণ,
জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।

৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নুর বলেন, সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন
সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন
দিকে মোড় নিতে পারত। এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা ছিল।

মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক সচেতন জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়
আধিপত্যবাদী অপতৎপরতা রুখে দেওয়া সম্ভব হয়েছিল। এ কারণেই ৭ নভেম্বর জাতীয় ঐক্য ও সংহতির
প্রতীক।
 তিনি বলেন, ৭ নভেম্বরকে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্নভাবে বিশ্লেষণ করলেও দিনটির
ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। ৩ নভেম্বরের জেলহত্যাকাণ্ডের জন্য জিয়াউর
রহমানকে দায়ী করার রাজনৈতিক বয়ানও সঠিক নয়। ওই সময় তিনি বন্দি ছিলেন। শেখ মুজিবুর রহমান
হত্যাকাণ্ডের পর তিনি সেনাপ্রধান বা রাষ্ট্রপতিও হননি। আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে
জিয়াউর রহমানকে দায়ী করে বিকৃত ইতিহাস প্রচারের মাধ্যমে জাতিকে বিভক্ত করেছে বলে অভিযোগ
করেন তিনি।

আওয়ামী লীগের দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর দলটির কার্যকর রাজনৈতিক
অস্তিত্ব নেই। গণমাধ্যমে আলোচনা, টকশো ও সংবাদ প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগকে অযথা 
আলোচনায় রাখা হচ্ছে। গত দুই বছরে দলটির কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক প্রতিবাদ বা সাংগঠনিক
তৎপরতা দেখা যায়নি। এমন পরিস্থিতিতে আগস্ট বা ডিসেম্বরে ফিরে আসার বক্তব্য হাস্যকর 
ও বিভ্রান্তিকর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জনগণের সমর্থন
নিয়ে রাজপথ থেকেই সরকার ক্ষমতায় এসেছে। তাই যেকোনো অপশক্তিকে মোকাবিলায় জনগণকে সঙ্গে
রাখতে হবে। জামায়াত, এনসিপিসহ বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু 
বক্তব্য-বিবৃতি নয়, প্রতিটি জেলা ও উপজেলায় পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তাদের 
কর্মসূচি পালন করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচনে ভোটের হিসাব-নিকাশে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে বিরোধী
দলগুলোর অনীহা নিয়েও সমালোচনা করেন নুর। তিনি বলেন, নির্বাচনী সুবিধার জন্য কেউ আওয়ামী
লীগের বিরুদ্ধে অবস্থান না নিলে ভবিষ্যতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। ‘খাল কেটে কুমির আনবেন,
সেই কুমির আপনাদেরই খাবে, বিএনপিকে খাবে না।’ ১৭ বছর ধরে নানা চেষ্টা করেও বিএনপিকে
নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ন্যূনতম
মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের বেতনের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও পরিবারের জন্য রেশনিং
ব্যবস্থার বিষয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকার ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, যানজট ও জনদুর্ভোগ কমাতে
ফুটপাত উচ্ছেদের পাশাপাশি হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের জনস্বার্থমূলক
কাজে বিরোধী দলের ইতিবাচক সমর্থন দেওয়া উচিত। সরকারের প্রতিটি উদ্যোগের বিরোধিতা না
করে ভালো কাজের প্রশংসা ও সহযোগিতা করা প্রয়োজন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ
আমান, গণধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, বাসসের সাবেক এমডি
ও সম্পাদক মাহবুব মোর্শেদ, গণধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, জুলাই গণঅভ্যুত্থান
স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ, অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ ও সংগঠনের
উচ্চস্তর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু।
