# আগামী ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/
- Published: ২০২৬-০৭-১৩T১৩:৪৬:২৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

 প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে আগামী ১৫ জুলাই দেশের প্রতিটি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক
শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো
হয়। এতে স্বাক্ষর করেছেন সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ জুলাই (বুধবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে
আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ
কর্মসূচিতেও অংশ নেবেন।

এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
একই দিনে নির্ধারিত সময়ে ফলজ, বনজ ও ঔষধি-এই তিন শ্রেণির সমন্বয়ে মোট পাঁচটি করে গাছের
চারা রোপণ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় উপ পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তর বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি,
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব
সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই মূল লক্ষ্য।

এ নির্দেশনার অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকের
ব্যক্তিগত সহকারিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
