# আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b0/
- Published: ২০২৬-১১-২৫T১৮:০৩:০৮+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা : **

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের
মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।

২০২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর এ দলটির রাজনৈতিক দল হিসেবে
কোনো স্বীকৃতি নেই। দেশের মানুষও তাদেরকে স্বীকৃতি দেবে না। মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব
কথা বলেন।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইতিহাস
সাক্ষী যে জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি 
পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরতে পারেনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো দেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি
করতে পারবে না। তিনি বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কেবল প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন
ট্রিটি) অনুসারেই দেশে ফিরতে পারেন। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে
কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে এবং তারাও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-
নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

মন্ত্রী বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে- কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার
কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই এবং আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান
করে দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন বা হরতালের মতো নাশকতামূলক
কর্মসূচির নির্দেশনা দিচ্ছে। পলাতক শক্তি দেশে থাকা নেতা-কর্মীদের প্রতারণা ও ফাঁদে
ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। দেশের জনগণ কখনোই তাদের এ ধরনের অপতৎপরতা মেনে নেবে 
না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলে তাদের পূর্বের সকল অপচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। ভবিষ্যতেও
কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে অত্যন্ত
কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে,
সেখানে পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা হচ্ছে।

তিনি বলেন, মহান বিজয় দিবস সুচারুভাবে ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে সকল নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে
সম্পন্ন করা হয়েছে।

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি চলমান
বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের
৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের
আওতায় আনার বিধান রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে দল
ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত
রেখেছে।

গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কতিপয় কর্মকর্তার সম্পৃক্ততা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের
জবাবে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহ
ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও কর্মরত
একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষের বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সম্মতিতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক
উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট।

তিনি বলেন, বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা
প্রকৃত শ্রমিক নন, বরং একটি মহল এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।
আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে এবং পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে
দেখা হচ্ছে।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী 
ইতোমধ্যে এনসিপি’র কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক
দলের সাথেও আলোচনার পরিকল্পনা রয়েছে।
