# আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ডই বেআইনি: রিজভী

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0/
- Published: ২০২৬-১১-১৫T১৫:৫১:৩৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ডই বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলটি কোনো কর্মকাণ্ড চালালে সে 
বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

রোববার (১৫ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে, 
যাতে আওয়ামী লীগ আর কোনো বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য বা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে 
না পারে। এ ব্যাপারে জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সতর্ক ও সজাগ রয়েছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী জানান, সব চক্রান্তকারীর বিরুদ্ধে বর্তমান 
সরকার সজাগ ও সতর্ক রয়েছে। চট্টগ্রামের সেই এসপির (আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁসের অভিযোগ
ওঠা) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা
এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা এখনো থেমে নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, পার্শ্ববর্তী
দেশ থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে নানা কায়দায় অরাজকতা করছে। গোপন নাশকতার সঙ্গেও জড়িত
হচ্ছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, আবার কোথাও গাড়িতে আগুন দিচ্ছে। এমনকি
পোশাকশিল্পেও নানা ধরনের অরাজকতা করছে।

শেখ হাসিনার অনুসারীরা দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্ন ধরনের অরাজকতা করছেন দাবি 
করে রিজভী বলেন, তাদের মালিকানাধীন পোশাক কারখানায় এসব কর্মকাণ্ড করা হচ্ছে। তারা শ্রমিকদের
কারখানায় আসতে দিচ্ছেন না। এরপরও এসব সমস্যা নিপুণভাবে সামাল দিচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান।

চিহ্নিত দুষ্কৃতকারীরা দেশকে জলাঞ্জলি দিয়ে হলেও নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল
করতে চায় বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
