# আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4/
- Published: ২০২৬-১১-১২T১২:০০:০৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থা থেকে বের হতে এবং মানুষের সহানুভূতি কুড়াতে সারা দেশে 
গোপন হামলা ও নাশকতার ছক এঁকেছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, মাঠপর্যায়ে
অস্থিরতা তৈরির জন্য দলটির বিশেষ প্রশিক্ষিত কিছু ‘গেরিলা সদস্যকে’ আলাদা দায়িত্ব দেওয়া
হয়েছে। তবে ইতিমধ্যে তাদের একটি বড় অংশের নাম-পরিচয় পুলিশের সাইবার ইউনিট ও গোয়েন্দাদের
হাতে চলে এসেছে।

যেকোনো মূল্যে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং নাশকতার সব পরিকল্পনা নস্যাৎ করতে
কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তর, ডিএমপি ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত
অভিযানে তৈরি করা হয়েছে এসব ‘গেরিলা সেল’ ও পরিকল্পনাকারীদের পূর্ণাঙ্গ তালিকা। পলাতক
শীর্ষ নেতা, স্থানীয় পদধারী নেতা এবং অর্থের জোগানদাতাদের নামও রয়েছে এই তালিকায়, যাদের
অনেকেই ইতিমধ্যে গোয়েন্দাদের নজরদারিতে বা জালে আটকা পড়েছেন।

সাম্প্রতিক সময়ে রাজধানীর ফার্মগেট, টিএসসি, চানখাঁরপুল, মালিবাগ, রামপুরাসহ বিভিন্ন
গুরুত্বপূর্ণ পয়েন্টে অতর্কিতে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের
নেতাকর্মীরা শ্রমিক কিংবা সাধারণ মানুষের ছদ্মবেশে রাজধানীতে ‘হিট অ্যান্ড রান’ (ঘটনা
ঘটিয়ে দ্রুত পালিয়ে যাওয়া) কৌশলে নাশকতা চালাচ্ছে।

এদিকে নাশকতা দমনে রাজধানীর বেশকিছু এলাকায় ড্রোন নজরদারি এবং বিশেষ চেকপোস্টের মাধ্যমে
কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি বেশকিছু
সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে কার্যক্রম নিষিদ্ধ
দলটির গোপন ব্লুপ্রিন্ট বা নাশকতার নকশা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে। রাজনৈতিকভাবে
কোণঠাসা অবস্থা কাটিয়ে উঠতে এবং সহানুভূতি অর্জনের লক্ষ্যে আওয়ামী লীগ দেশজুড়ে চোরাগুপ্তা
হামলা ও নাশকতার পরিকল্পনা করেছে। এ কার্যক্রমে সক্রিয় রয়েছে দলটির বিশেষ কিছু ‘গেরিলা
সদস্য’, যাদের মাঠপর্যায়ে বিশৃঙ্খলা তৈরির সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের 
একটি বড় অংশের তালিকা এখন পুলিশের সাইবার ইউনিট ও গোয়েন্দাদের টেবিলে। শুধু তাই নয়,
গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনের গোপন নেটওয়ার্কের অন্য 
সুপ্ত সেলগুলোর সন্ধান চালাচ্ছে পুলিশ।

পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নাশকতার বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট আগাম গোয়েন্দা
তথ্য বা ইনপুট থাকলেও মাঠপর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় কিছু কিছু ক্ষেত্রে 
সমন্বয়হীনতা ও ঘাটতি রয়েছে। বিশেষ করে পুলিশের একটি অংশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে-তাদের
কেউ কেউ দিনে একরকম ভূমিকা রাখলেও রাতে বা পর্দার আড়ালে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের
বিভিন্নভাবে সহায়তা করছেন। তাদের নাম দেওয়া হয়েছে ‘দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ।’ 
পুলিশের যেসব সদস্যের বিরুদ্ধে এ ধরনের দ্বিচারিতা কিংবা ভেতরে-ভেতরে সুবিধা দেওয়ার
অভিযোগ রয়েছে, তাদের একটি পৃথক তালিকা তৈরি করে নজরদারিতে রাখা হয়েছে। যাদের বিরুদ্ধে
কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের মাঠপর্যায়ের
ক্যাডারদের নিয়ে বেশ কয়েকটি গোপন ‘গেরিলা সেল’ বা টাস্কফোর্স গঠন করা হয়েছে। কথিত এই
সেল বা টাস্কফোর্সের সদসর‌্যা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সাধারণ শ্রমিক, হকার বা
পথচারীর ছদ্মবেশ ধারণ করে নির্দিষ্ট পয়েন্টে অবস্থান নেয়। মাত্র ২ থেকে ৩ জনের ছোট 
ছোট দলে বিভক্ত হয়ে তারা হঠাৎ করেই ককটেল বিস্ফোরণ ঘটায় বা যানবাহনে আগুন ধরিয়ে মুহূর্তের
মধ্যে অলিগলি দিয়ে পালিয়ে যায়। কেউ কেউ মোটরসাইকেলে ভুয়া নম্বর প্লেটও ব্যবহার করছে।

গোয়েন্দা সূত্র জানায়, নাশকতার গোপন নেটওয়ার্কের চালিকাশক্তি হিসাবে কাজ করছে দেশে 
এবং বিদেশে থাকা কতিপর ব্যবসায়ী গ্রুপের অর্থ। দেশ ও দেশের বাইরে থাকা ক্ষমতাচ্যুত 
দলের শীর্ষস্থানীয় কিছু নেতার সরাসরি নির্দেশ ও আর্থিক সহায়তায় এই নাশকতাগুলো পরিচালিত
হচ্ছে। কোন কোন মাধ্যমে এবং কার কার অ্যাকাউন্টে বা হুন্ডির মাধ্যমে টাকা আসছে, তার
সুনির্দিষ্ট ব্যাংক ট্রানজাকশন ও ফিন্যান্সিয়াল ট্রেইলও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে।
সূত্রমতে, নাশকতাকারীরা বিভিন্ন এনক্রিপ্টেড ও সিকিউরড চ্যাট অ্যাপ ব্যবহার করে নিজেদের
মধ্যে যোগাযোগ রক্ষা করছে এবং হামলার স্থান ও সময় নির্ধারণ করছে। তবে গোয়েন্দা সংস্থার
সাইবার উইংয়ের বিশেষ প্রযুক্তির সহায়তায় এসব সিক্রেট গ্রুপের অনেক সদস্যের ভার্চুয়াল
আইডি ট্র্যাক করা সম্ভব হয়েছে। অনেকের আদান-প্রদান করা গুরুত্বপূর্ণ মেসেজ উদ্ধার করা
হয়েছে। কেউ কেউ বিদেশি নম্বর ব্যবহার করছেন।

পুলিশের উচ্চপর্যায়ের সূত্র জানায়, ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী পরিকল্পনার প্রাথমিক পর্ব
এখন মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। এ পর্বে মূল লক্ষ্য-জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা
বাহিনীকে ব্যতিব্যস্ত রাখা। চলতি মাসের প্রথমার্ধ পর্যন্ত মহানগরীসহ দেশের বিভিন্ন 
গুরুত্বপূর্ণ পয়েন্টে অতর্কিত ককটেল নিক্ষেপ এবং রাস্তার পাশে বা বাস টার্মিনালে পার্কিং
করা ফাঁকা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিক ধাপ
পেরিয়ে পরবর্তী দিনগুলোয় যাত্রীবাহী বাসে আগুন দেওয়া, জনবহুল স্থানে বোমা নিক্ষেপ এবং
সাধারণ মানুষকে হতাহত করার মতো বর্বরোচিত অপচেষ্টা চালানো হতে পারে। শুধু তাই নয়, দেশের
অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গুরুত্বপূর্ণ স্থাপনা(
কেপিআইভুক্ত প্রতিষ্ঠান), বড় বড় কলকারখানা এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে
নাশকতার পরিকল্পনাও এই ছকের অন্তর্ভুক্ত।

সম্প্রতি দেশের একটি শীর্ষ গোয়েন্দা সংস্থা এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন সরকারের
উচ্চপর্যায়ে জমা দিয়েছে। ওই প্রতিবেদনে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে, গোপন নেটওয়ার্কের
মাধ্যমে নাশকতার পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে। রাষ্ট্রীয় শৃঙ্খলা বিনষ্ট করে এবং জনগণের
মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার উদ্দেশ্যেই এই অপচেষ্টা
চালানো হচ্ছে। বলা হয়েছে, আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশের 
সাপ্লাই চেইন, উৎপাদন খাত এবং সার্বিক অর্থনীতিকে বড় ধরনের সংকটের মুখে ফেলতে পারে।
গোয়েন্দা তথ্যে পরিষ্কার করা হয়েছে, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়া
বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক অপকৌশল। এই প্রতিবেদনকে অত্যন্ত 
গুরুত্বসহকারে দেখছে সরকারের নীতিনির্ধারণী মহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

**তৎপর আইনশৃঙ্খলা বাহিনী**

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সর্বোচ্চ
নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে বেশকিছু ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই 
অংশ হিসাবে রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে গোয়েন্দা নজরদারি বাড়ানো
হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও সাইবার স্পেসের গতিবিধির ওপর তীক্ষè নজর রাখা হচ্ছে। কেপিআইভুক্ত
প্রতিষ্ঠান, বিদ্যুৎকেন্দ্র, গ্যাস লাইন ও বড় কলকারখানাগুলোয় অতিরিক্ত পুলিশ ও আনসার
সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ফাঁকা গাড়িতে বা যাত্রীবাহী
বাসে অগ্নিসংযোগের অপচেষ্টা রোধে বাস টার্মিনাল, ডিপো এবং মহাসড়কগুলোর গুরুত্বপূর্ণ
পয়েন্টে হাইওয়ে পুলিশের টহল দল বাড়ানো হয়েছে। নাশকতাকারীরা যাতে সহজে ককটেল, বোমা বা
অস্ত্র বহন করতে না পারে, সেজন্য প্রধান প্রধান শহরের প্রবেশদ্বারগুলোয় এবং কৌশলগত 
মোড়গুলোয় অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে
সমন্বয় করে রাতে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা এবং সাংগঠনিকভাবে প্রবল
চাপের মুখে থাকা আওয়ামী লীগের একটি অংশের লক্ষ্য-যে কোনো মূল্যে রাজনৈতিক সমীকরণ নিজেদের
অনুকূলে নিয়ে আসা। সরাসরি বড় ধরনের গণ-আন্দোলন গড়ে তোলার মতো অনুকূল পরিবেশ বা জনসমর্থন
না থাকায় তারা নাশকতার পথ বেছে নিয়েছে। এই কৌশলের মূল দর্শন হলো-রাষ্ট্রীয় অর্থনীতি,
জনজীবন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন এক অসহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে সরকার বাধ্য
হয়ে তাদের দাবির প্রতি নতিস্বীকার বা সমঝোতার আলোচনা শুরু করে।

**নাশকতাকারীদের মাস্টার প্ল্যান**

সূত্রমতে, তিন স্তরে নাশকতা করার ছক কষা হয়েছে। এখন প্রাথমিক স্তরের টিম মাঠে সক্রিয়।
১৫ নভেম্বর থেকে মাঠে নামবে দ্বিতীয় স্তরের টিম। ওই টিমের সদস্যরা সাম্প্রতিক সময়ের
চেয়ে উচ্চমাত্রার নাশকতার অপচেষ্টা করবে। সবশেষে নামানো হবে মাস্টার টিম। ওই টিমের 
সঙ্গে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ কিছু চক্র যুক্ত হতে পারে। সূত্র জানায়, এসব গোয়েন্দা
তথ্য এখন অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে। যেসব তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে,
সেসব বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ওই সূত্র জানায়, আওয়ামী লীগের
নাশকতা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভারতে পলাতক বাংলাদেশের সাবেক শীর্ষ
পর্যায়ের কর্মকর্তা।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) আহসান হাবীব পলাশ যুগান্তরকে
বলেন, জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত করার এবং রাষ্ট্রে কৃত্রিম আতঙ্ক 
সৃষ্টির যে কোনো অপচেষ্টা পুলিশ অত্যন্ত কঠোরভাবে দমন করবে। নাশকতা সৃষ্টিকারীদের কাউকেই
ছাড় দেওয়া হবে না। পুলিশের ছকে থাকা সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
