# আওয়ামী অরাজকতা বিএনপির ওপর চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে জামায়াত

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%85%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0/
- Published: ২০২৬-১১-১৬T১০:৩৫:৪৩+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

আওয়ামী অরাজকতার জন্য বিএনপিকে দোষারোপ করে জামায়াত-শিবির দায় এড়ানোর চেষ্টা করেছে 
বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

রবিবার (১৫ নভেম্বর) দিনগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এ 
মন্তব্য করেন।

ওই পোস্টে রাশেদ খান বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী অরাজকতা ও তাণ্ডবের প্রতিবাদে কোথাও 
কি জামায়াত-শিবির রাজপথে নেমেছে? বরং আওয়ামী অরাজকতার জন্য বিএনপিকে দোষারোপ করে দায়
এড়ানোর চেষ্টা করেছে জামায়াত-শিবির। গোপালগঞ্জের ঘটনায় সরকার চাইলে কঠোরতা অবলম্বন 
করতে পারে, কিন্তু এটি করতে গেলে বহু হতাহতের ঘটনা ঘটতে পারে, যেটি অন্তর্বর্তীকালীন
সরকারের সময় এনসিপির নেতাদের রক্ষা করতে গিয়ে সংঘটিত হয়েছিল। এ হতাহতের ঘটনাকে ক্যাশ
করতে পারে আওয়ামী লীগসহ অন্যান্য দেশি-বিদেশি অপশক্তি। এ কারণে সরকারকে ধৈর্য ধারণ 
করে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।

তিনি বলেন, ‘আওয়ামী দুর্বৃত্তদের এ অরাজকতাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। আর সেটির
জন্য শুধু বিএনপি ও ছাত্রদল মাঠে থাকলেই হবে না, জামায়াত-শিবির, এনসিপিসহ গণ-অভ্যুত্থানের
সব শক্তিকে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে। কিন্তু জামায়াত ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার
সঙ্গে বৈঠকের মাধ্যমে যে ফাঁদে পা দিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর না হওয়ার যে কমিটমেন্ট
করে এসেছে, সেখান থেকে বের হতে পারবে? জামায়াত যদি ভারতীয় ফাঁদ থেকে বের হয়ে রাজপথে
নামে আমিও তাদের সাধুবাদ জানাব, ইনশাআল্লাহ। ’

সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের গোপালগঞ্জে জড়ো করে ও গোপালগঞ্জকে জিম্মি করে শেখ হাসিনাকে
ফিরিয়ে আনা যাবে না; বরং এ তাণ্ডব ও অরাজকতা অব্যাহত রাখলে ক্ষতিগ্রস্ত হবে গোপালগঞ্জের
সাধারণ মানুষ।

আওয়ামী অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের কারণে চিকিৎসা, গ্যাস, বিদ্যুৎ, ওষুধ, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয়
জিনিসপত্র ও অন্যান্য নাগরিক সেবা প্রদানে ব্যাহত হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সুতরাং গোপালগঞ্জের সাধারণ মানুষের জীবনকে স্বাভাবিক রাখতে আওয়ামী দুর্বৃত্তদের সন্ত্রাস
ও নৈরাজ্য বন্ধ করতে হবে। আশা করি, গোপালগঞ্জবাসী তাদের নাগরিক মর্যাদা ও অধিকারের 
বিষয়ে সচেতন হবে এবং অরাজকতা ও অগ্নিসন্ত্রাসকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে পারবে, ইনশাআল্লাহ।’
