# অভিনয় করে রিয়ালের হয়ে তৃতীয় লাল কার্ড দেখলেন বেলিংহাম

- Link: https://znews.news/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/
- Published: ২০২৬-১১-২৯T১০:০৫:৫৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বড় অঘটনের শিকার হলো রিয়াল মাদ্রিদ। দেপোর্তিভো
আলাভেসের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের
লাল কার্ড। পেনাল্টি আদায়ের চেষ্টায় অভিনয় করার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ
ছাড়তে হয়েছে রিয়ালের এই তারকা ফুটবলারকে।

গতকাল শনিবার রাতে লা লিগার এই হাই-ভোল্টেজ ম্যাচে শুরু থেকেই চাপে ছিল স্বাগতিক রিয়াল
মাদ্রিদ। টনি মার্টিনেজ ও অ্যাঞ্জেল পেরেজের গোলে ম্যাচের এক পর্যায়ে ২-০ ব্যবধানে 
এগিয়ে যায় সফরকারী আলাভেস।

এরপর বেলিংহামের দারুণ এক অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করে ব্যবধান কমালেও 
শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের নাটকীয়তা জমে ওঠে শেষ দিকে। ৭৪তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে তর্কে 
জড়িয়ে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন বেলিংহাম।

ম্যাচের ৮৮তম মিনিটে আলাভেসের ডি-বক্সের ভেতরে পড়ে গেলে রেফারি সিজার সোতো গ্রাদো শুরুতে
পেনাল্টির বাঁশি বাজান।

তবে ভিএআর মনিটরে রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত বদলান রেফারি। পেনাল্টি বাতিল করার পাশাপাশি
অভিনয়ের দায়ে বেলিংহামকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে
দেন তিনি। লা লিগায় রিয়ালের জার্সিতে এটি বেলিংহামের ক্যারিয়ারের তৃতীয় লাল কার্ড।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন রিয়াল কোচ হোসে
মরিনহো। শিষ্যের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, ‘বেলিংহাম আমাকে জানিয়েছে ওটি নিশ্চিত
পেনাল্টি ছিল।

আমি আমার খেলোয়াড়ের কথায় বিশ্বাস করি।’

এই অপ্রত্যাশিত হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জয়ের ধারা থেমে গেল রিয়াল
মাদ্রিদের। ১৪ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তিন নম্বরে অবস্থান করছে 
তারা।
