# অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নতুন জোট

- Link: https://znews.news/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a/
- Published: ২০২৫-১২-০৭T১৪:৫১:০৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ ঢাকা:
 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি),
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদ- এই চার দলের সমন্বয়ে নির্বাচনী
জোটের আলোচনা চলছিল দুই সপ্তাহ ধরে৷ অবশেষে এই জোট আলোর মুখ দেখতে যাচ্ছে৷ তবে জোটে
থাকছে না গণ অধিকার পরিষদ৷

আজ রোববার বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন
করে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কারের এই জোটের ঘোষণা দেওয়া হবে৷ দলগুলোর পক্ষ
থেকে এই জোটকে বলা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত
বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’৷

দুপুর ১২টার দিকে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের জানিয়েছেন,
জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের
রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বিকেল চারটায়
ডিআরইউতে এই সংবাদ সম্মেলন হবে৷ এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির নেতারা
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন৷
