# অনলাইন ‘বোর্ড ক্লোজিং’ কি শরিয়াসম্মত

- Link: https://znews.news/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95/
- Published: ২০২৬-১১-২১T১৩:১৯:০১+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে ব্যবসা-বাণিজ্যের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। ঘরে
বসেই ইন্টারনেটের মাধ্যমে পণ্য কেনাবেচা, সেবা প্রদান এবং অর্থ উপার্জনের নানা সুযোগ
তৈরি হয়েছে।

তবে অনলাইন ব্যবসার এই বিস্তারের সঙ্গে সঙ্গে এমন কিছু ব্যবসায়িক পদ্ধতিও জনপ্রিয় হচ্ছে,
যেগুলোর শরিয়তসম্মত বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর মধ্যে একটি হলো ‘বোর্ড ক্লোজিং’
নামে পরিচিত অনলাইন ব্যবসা। অনেকেই এই ব্যবসায় যুক্ত হয়ে অর্থ উপার্জনের স্বপ্ন দেখছেন।
কেউ কেউ অন্যদেরও এতে যুক্ত করছেন।

তাই এই বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

**বোর্ড ক্লোজিং ব্যবসার পদ্ধতি**

বোর্ড ক্লোজিং বলতে সাধারণত এমন একটি অনলাইনভিত্তিক ব্যাবসায়িক ব্যবস্থাকে বোঝানো হয়,
যেখানে একজন ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যুক্ত হন। এরপর তাঁর অধীনে বা রেফারেলের
মাধ্যমে নতুন সদস্য যুক্ত হলে বিভিন্ন স্তরে অর্থ বণ্টন করা হয়। নির্দিষ্টসংখ্যক সদস্য
যুক্ত হওয়ার পর একটি বোর্ড বা গ্রুপ সম্পন্ন হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্ধারিত 
হারে অর্থ লাভ করেন।

এখানে প্রকৃত পণ্য বা সেবা বিক্রির পরিবর্তে নতুন সদস্য সংগ্রহ এবং তাঁদের জমা দেওয়া
অর্থের ওপর উপার্জন নির্ভরশীল হয়ে থাকে। তাই এধরণের ব্যবসা ইসলামে জায়েজ নেই।
 ইসলাম
শ্রমনির্ভর উপার্জন এবং সততা ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে পরিচালিত ব্যবসাকে উৎসাহিত করেছে।
তবে এর অর্থ এই নয় যে, কোনো ব্যক্তি নিজে শারীরিক শ্রম না করলেই তার উপার্জন হারাম 
হয়ে যাবে। কারণ, বৈধ বিনিয়োগ, ব্যবসায়িক অংশীদারত্ব এবং প্রতিনিধিত্বের মাধ্যমেও উপার্জন
করা যায়।

মূল বিষয় হলো, উপার্জনের পদ্ধতি ও চুক্তি শরিয়তসম্মত হওয়া। রাসুলুল্লাহ (সা.)-কে একবার
জিজ্ঞাসা করা হয়েছিল, কোন উপার্জন সবচেয়ে উত্তম? তিনি উত্তরে বলেন, ‘কোন উপার্জন সবচেয়ে
উত্তম?’ তিনি বললেন, ‘মানুষের নিজ হাতে করা কাজ এবং প্রতিটি সততা ও কল্যাণকর ব্যবসা।’(
শুআবুল ইমান, ২/৪৩৪, হাদিস : ১১৭১)
 যে কারণে বোর্ড ক্লোজিং ব্যবসা শরিয়তসম্মত নয়

বোর্ড ক্লোজিংয়ের প্রচলিত যে পদ্ধতির কথা বলা হচ্ছে, তাতে কয়েকটি শরিয়তবিরোধী বিষয় 
পাওয়া যায়।

**১. বিনিময়হীন উপার্জন ও অন্যের অর্থের ওপর নির্ভরশীলতা**

ইসলামে বৈধ উপার্জনের ক্ষেত্রে কোনো না কোনো স্বীকৃত বিনিময়, শ্রম, সেবা, পণ্য, বিনিয়োগ
কিংবা শরিয়তসম্মত চুক্তির ভিত্তি থাকতে হয়। কিন্তু বোর্ড ক্লোজিংয়ের কোনো কোনো পদ্ধতিতে
একজন ব্যক্তি বাস্তব কোনো পণ্য বিক্রি বা সেবা প্রদান ছাড়াই শুধু নতুন সদস্য যুক্ত 
হওয়ার কারণে অর্থ লাভ করেন। এ ক্ষেত্রে তাঁর উপার্জনের বিপরীতে প্রকৃত কোনো পণ্য বা
সেবা থাকে না; বরং পরবর্তী সদস্যদের জমা দেওয়া অর্থই তাঁর আয়ের উৎস হয়ে দাঁড়ায়। ফলে
এটি বিনিময়হীন উপার্জন এবং অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার শামিল হতে পারে।

**২. এতে জুয়ার উপাদান রয়েছে**

জুয়া বা মাইসির ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। জুয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো, একজনের লাভ অন্যজনের
ক্ষতির ওপর নির্ভরশীল হওয়া এবং অনিশ্চিত ফলাফলের ভিত্তিতে অর্থ লাভের ব্যবস্থা থাকা।
বোর্ড ক্লোজিংয়ের কোনো কোনো পদ্ধতিতে একজন ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন।
এরপর পর্যাপ্তসংখ্যক নতুন সদস্য যুক্ত হলে তিনি লাভবান হন। কিন্তু নতুন সদস্য যুক্ত
না হলে কিংবা বোর্ড সম্পন্ন না হলে তাঁর বিনিয়োগ করা অর্থ আটকে যেতে পারে বা ক্ষতির
আশঙ্কা থাকে।

অর্থাৎ, কেউ লাভবান হন অন্যদের জমা দেওয়া অর্থ থেকে, আবার কেউ কাঙ্ক্ষিত লাভ না পেয়ে
ক্ষতিগ্রস্ত হন। এ ধরনের কাঠামোতে জুয়ার উপাদান বিদ্যমান। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ!
নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শর—এসব শয়তানের অপবিত্র কাজ। সুতরাং 
তোমরা এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকো, যাতে তোমরা সফলকাম হতে পারো।’ (সুরা : মায়িদা,
আয়াত : ৯০)

**৩. অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগের আশঙ্কা**

ইসলাম মানুষের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে। কোনো ব্যক্তির সম্পদ তার সম্মতি ছাড়া
অন্যায়ভাবে গ্রহণ করা বৈধ নয়। এমনকি বাহ্যিকভাবে পারস্পরিক সম্মতি থাকলেও প্রতারণা,
জুয়া কিংবা অবৈধ চুক্তির মাধ্যমে সম্পদ অর্জন করা জায়েজ হয় না। আল্লাহ তাআলা বলেন, ‘
তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ কোরো না।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৮)

বোর্ড ক্লোজিংয়ের প্রচলিত কাঠামোয় যদি নতুন সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পূর্ববর্তী
সদস্যদের লাভ দেওয়া হয় এবং এর বিপরীতে কোনো বাস্তব পণ্য বা বৈধ সেবা না থাকে, তাহলে
তা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগের অন্তর্ভুক্ত হবে। এখানে মূলনীতি হলো, ব্যবসার নামে
এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা প্রকৃত ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যকে ব্যাহত করে এবং
অবৈধ সুবিধা অর্জনের পথ তৈরি করে। তথ্যসূত্র : হিদায়া, ৩/৫৯-ফিকহুল বুয়ূ, ২/৮১২)
