# অনন্যার ‘কল মি বে ২’-তে থাকছেন শ্রুতি হাসান

- Link: https://znews.news/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95/
- Published: ২০২৬-১১-১৮T১৩:৫২:৪১+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

দুই বছর পর ফিরছে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের জনপ্রিয় সিরিজ ‘কল মি বে’। প্রথম 
মৌসুমের সাফল্যের পর এবার দ্বিতীয় মৌসুমে আরো নাটকীয়তা, প্রেম আর মজার ঘটনা নিয়ে হাজির
হচ্ছেন অভিনেত্রী। নতুন মৌসুমে অনন্যার সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী শ্রুতি হাসানও।

মঙ্গলবার প্রাইম ভিডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘কল
মি বে’ সিরিজের দ্বিতীয় মৌসুম। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে একটি মজার ভিডিও। সেখানে
অটোরিকশার ছাদে শুয়ে নিজের পরিচয় দিতে দেখা যায় অনন্যাকে। ভিডিওর সঙ্গে প্রকাশ করা 
হয়েছে মুক্তির তারিখও।

সিরিজে বেলা ‘বে’ চৌধুরী চরিত্রে ফিরছেন অনন্যা। তবে এবার তার জীবনে আসছে নতুন কিছু
মানুষ ও নানা জটিলতা। বিশেষ করে প্রেমের সম্পর্কগুলো আরো জটিল হয়ে উঠবে। ব্যক্তিগত 
জীবনের নানা চ্যালেঞ্জ সামলানোর পাশাপাশি নিজের বন্ধুদের সঙ্গে সম্পর্কও অটুট রাখতে
হবে তাকে।

দ্বিতীয় মৌসুমে শ্রুতি হাসান ছাড়াও আগের মৌসুমের বেশ কয়েকজন অভিনেতা ফিরছেন। তাদের 
মধ্যে রয়েছেন বীর দাস, গুরফতেহ পিরজাদা, বরুণ সুদ, ভিহান সামত, মুসকান জাফেরি, নিহারিকা
লায়রা দত্ত, লিসা মিশ্র ও মিনি মাথুর।

সিরিজটির দ্বিতীয় মৌসুম পরিচালনা করেছেন কলিন ডি’কুনহা। ইশিতা মৈত্রের তৈরি গল্পটি 
লিখেছেন তিনি, সঙ্গে ছিলেন সামিনা মোটলেকার, রোহিত নায়ার ও নিত্তাল চন্দনারা।

করণ জোহর, অপূর্ব মেহতা ও আদর পুনাওয়ালা প্রযোজিত সিরিজটি তৈরি হয়েছে ধার্মাটিক এন্টারটেইনমেন্টের
ব্যানারে।
 প্রযোজক করণ জোহর জানিয়েছেন, প্রথম মৌসুমে দর্শকেরা বে-র গল্প ও জীবনযাপনের
ধরন পছন্দ করেছিলেন। তাই দ্বিতীয় মৌসুমে সেই গল্পকে আরো এগিয়ে নেওয়ার পাশাপাশি চরিত্রটির
নতুন দিক তুলে ধরার চেষ্টা করেছেন তারা।

‘কল মি বে’ সিরিজের গল্প দক্ষিণ দিল্লির এক ধনী তরুণী বেলা চৌধুরীকে ঘিরে। পরিবারের
সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর মুম্বাইয়ে এসে নিজের মতো করে নতুন জীবন শুরু করে সে। 
দ্বিতীয় মৌসুমে সেই জীবনে নতুন কী ঘটতে যাচ্ছে, তা দেখার অপেক্ষায় দর্শকেরা। ১৭ ডিসেম্বর
প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটি।
